গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে ভোক্তা অধিকার রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার সকালে টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি এবং অবৈধভাবে তেল মজুদের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাটগাতি এলাকার ‘পিএম এন্টারপ্রাইজ’ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাদ্দাম হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির দায়ে ব্যবসায়ী মাসুদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং বিশেষ করে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ ব্যবস্থা নিবিড়ভাবে তদারকি করেন। অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং বাজার স্বচ্ছ রাখতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
জেএইচআর