ঈশ্বরদীতে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ, যুবক আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:৪৫ পিএম

পাবনার ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে মো. আলামিন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ঢুলটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলামিন নাটোর জেলার লালপুর থানার সাদিপুর এলাকার আব্দুল মজিদের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সিনথিয়া (৯)। সে স্থানীয় দুবলাচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সিনথিয়া জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি তাকে আটকে আদর করার ছলে নির্জন মাঠের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সে দৌড়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। পরে তার এক স্বজন ও এলাকাবাসী ধাওয়া করে ঢুলটি তেল পাম্প এলাকা থেকে ওই যুবককে আটক করে।

এলাকাবাসী জানায়, অপহরণ চেষ্টার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বাঘহাছলা থেকে অরণকোলা হয়ে ঢুলটি পর্যন্ত ধাওয়া করে ওই যুবককে ধরে ফেলে। এ সময় সেখানে কর্মরত পুলিশ সদস্যরা উত্তেজিত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান। সিনথিয়ার পরিবারের দাবি, ওই যুবক এর আগেও কয়েকবার শিশুটিকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, আলামিন নামের এক যুবককে আটকের বিষয়টি আমরা জেনেছি। এটি সুনির্দিষ্টভাবে অপহরণের চেষ্টা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির অভিভাবকদের থানায় ডাকা হয়েছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর