যশোরে কোটি টাকার তেল মজুত, নওয়াব মিলসকে জরিমানা

এম এ রহমান, যশোর প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৭:৪২ পিএম

যশোর শহরের নীলগঞ্জ এলাকায় অবৈধভাবে ভোজ্য তেল মজুত রাখার দায়ে মেসার্স নওয়াব মিলস নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে ওই মিলে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬৫৬ লিটার ভোজ্য তেলের মজুত উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮০ লাখ ৯৪ হাজার ৭২০ টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৬ যৌথভাবে এই অভিযান চালায়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মিলটিতে ১৭ হাজার ১৩৬ লিটার সয়াবিন তেল, ১৮ হাজার ৩৬০ লিটার পাম অয়েল এবং ৪ হাজার ১৬০ লিটার সুপার তেলের মজুত পাওয়া যায়। এই বিপুল পরিমাণ তেলের বিপরীতে ক্রয়-বিক্রয়ের কোনো রসিদ ছিল না এবং প্রতিষ্ঠানে তেলের মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। এসব অনিয়মের দায়ে মিলের মালিক হাসিব ইমামকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। তাঁরা জানান, মজুতকৃত তেল দ্রুত বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের এমন নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে পুলিশ ও র‍্যাব সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জেএইচআর