বাঙালির চিরায়ত উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
সভায় নতুন বছর বরণ করে নিতে নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার আয়োজন। উৎসবটি যাতে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার ও উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম। এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নববর্ষ উদযাপনে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
ইউএনও পাপিয়া সুলতানা বলেন, বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। গ্রামীণ মেলার নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়েও সভায় বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।
জেএইচআর