ঈশ্বরগঞ্জে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত শেষে পুনর্দাফন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৩:৫৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত আবু সুফিয়ান রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার দুপুরে বড়হিত ইউনিয়নের চরপুবাইল গ্রামের পারিবারিক কবরস্থান থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হোসাইনের উপস্থিতিতে মরদেহটি তোলা হয়। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় একই স্থানে মরদেহটি পুনরায় দাফন করা হয়।

নিহতের পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গাজীপুরের মাওনা এলাকায় আনন্দ মিছিলে অংশ নিয়েছিলেন রাব্বি। বিকেলে মাওনা শহীদী মোড় এলাকায় বিজিবির বহরের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর ১৬ আগস্ট রাব্বি মারা যান। পরদিন ময়নাতদন্ত ছাড়াই গ্রামে তাঁর মরদেহ দাফন করা হয়েছিল।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৫ সালের ২ ডিসেম্বর মানবাধিকারকর্মী লেবু মিয়া বাদী হয়ে শ্রীপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার সুষ্ঠু তদন্ত ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে আদালতের নির্দেশে মরদেহটি তোলা হয়। তদন্ত কর্মকর্তা জানান, দাফনের সময় আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আদালতের আদেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হোসাইন জানান, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় পরিবারের কাছে হস্তান্তর করা হলে সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, নিহত রাব্বি ঈশ্বরগঞ্জের স্থায়ী বাসিন্দা হলেও পরিবারের সঙ্গে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করতেন।

জেএইচআর