চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালির বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে বাজারের সন্তোষপুর সড়ক সংলগ্ন এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার সম্পদহানি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
স্থানীয়রা জানান, রাত ১টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আগুনের লেলিহান শিখা আশপাশের শতাধিক দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি ওয়ার্কশপ, থাই গ্লাসের দোকান, কসমেটিকসের দোকান, দুটি ভ্যারাইটি স্টোর এবং একটি লেপ-তোশকের দোকান রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কষ্টের পুঁজি ও ঋণের টাকায় গড়া দোকানগুলো এক নিমিষেই শেষ হয়ে যাওয়ায় তাঁরা এখন দিশেহারা। তারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ব্যবসায়ীদের দাবি এর পরিমাণ আরও বেশি।
জেএইচআর