চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর ও ঘনিয়া গ্রামে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
অভিযানকালে ঘনিয়া গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন এলাকা থেকে মোট ১ হাজার ১২০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১৮ হাজার ২২৫ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে যৌথ বাহিনী। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।
একই দিনে শ্রীকালিয়া বাইদ্যা বাড়ি এলাকায় পৃথক অভিযানে ২ পিস ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসান।
উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সক্রিয় রয়েছে। অপরাধীদের নির্মূল করতে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
জেএইচআর