সাদুল্লাপুরে বাসে তল্লাশি, ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৪:৪৮ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় মহাসড়কের হামিদুল স্টোরের সামনে থেকে প্রায় তিন কেজি গাঁজাসহ জহুরুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহুরুল লালমনিরহাট সদর উপজেলার বত্রিশ হাজারী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মহাসড়কে অবস্থান নেয়। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী ‘হক পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এক যাত্রীর ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জহুরুলের সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ভারপ্রাপ্ত) সুপদ হালদার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মহাসড়কে বাসের ভেতরে মাদক পরিবহনের এই ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক নির্মূলে মহাসড়কে এ ধরনের নিয়মিত তল্লাশি ও অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জেএইচআর