ফতুল্লায় জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৫:০২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর এলাকায় জুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদনী হাউজিং এলাকায় প্রকাশ্যে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় রফিক (৪০) ও রাকিব (২৩) নামে দুই বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদনী হাউজিং এলাকার ‘ভয়েজল্যান্ড’ নামে একটি পোশাক কারখানার ঝুট (গার্মেন্টস ওয়েস্টেজ) নামানোকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে অভি ও মনির গ্রুপের সাথে বিএনপির অপর একটি পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে মনির ও অভি গ্রুপের সদস্যরা গুলি ও হাতবোমা ছুড়লে পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয় এবং চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোলাগুলি ও বোমার শব্দে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। দীর্ঘক্ষণ চলা এই সংঘাতের ফলে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসানুজ্জামান জানান, গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

জেএইচআর