সাজেকে বৈসাবি উৎসবে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:২০ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় বৈসাবি (বিজু) উৎসব উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার সকালে গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রামের প্রধান এই সামাজিক উৎসব যেন আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সেই লক্ষ্যেই সেনাবাহিনীর এই উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এক সেনা কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, বৈসাবি উৎসব পার্বত্য এলাকার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে এই উৎসব উদযাপন করতে হবে। সেনাবাহিনী পাহাড়ের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ইউপি সদস্য দয়াধন চাকমা এবং সংরক্ষিত মহিলা সদস্য সুমিতা চাকমা।

এছাড়া কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, কারবারি জ্যোতিলাল চাকমা এবং বিজু উৎসবের আহ্বায়ক বাবুধন চাকমাসহ বাঘাইহাট সেনা জোনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর এই মানবিক ও সাংস্কৃতিক সহযোগিতার জন্য স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এমন উদ্যোগে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং সেনাবাহিনী ও স্থানীয়দের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠান শেষে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের সাথে উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন উপস্থিত কর্মকর্তারা।

জেএইচআর