কুড়িগ্রামের রাজিবপুরে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১১:১৪ এএম

কুড়িগ্রামের রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে তৃণমূল নেতৃবৃন্দকে নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রাজিবপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপিকে আরও সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। ব্যক্তিগত দ্বন্দ্ব-সংঘাত ভুলে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

প্রধান বক্তার বক্তব্যে সোহেল হোসেন কায়কোবাদ বলেন, “দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি পুনর্গঠন, কর্মী সমাবেশ ও গণসংযোগ বাড়ানোর বিকল্প নেই।”

অন্যদিকে, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হতে পারে না।”

অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা ও দমন-পীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাইসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এএন