কৃষক ও কৃষি উৎপাদনকে রক্ষা করতে হলে নদী-খাল খনন ও পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানি)। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, খাল দখল ও অনিয়মের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। যারা অবৈধভাবে খাল দখল করে পানির প্রবাহ বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ইছেরদাড়ী মোড়ে এক কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী নিজে কোদাল দিয়ে মাটি কেটে এই উন্নয়ন কাজের শুভ সূচনা করেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সারা দেশে সেচব্যবস্থায় বড় ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষকরা দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচির মতো জনকল্যাণমূলক কাজগুলো বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ৭ কিলোমিটার দীর্ঘ এই খালের তলদেশের গড় প্রস্থ ৭ মিটার এবং গড় গভীরতা ১.৫ মিটার নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার ৫ হাজার ২০০ জন কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।
মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে সরকারের। খননকৃত খালের দুই পাড়ে সবুজ বনায়ন করা হবে। এছাড়া স্থানীয় শ্রমিকদের খনন কাজে সম্পৃক্ত করে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা হবে। খালের পানিতে মাছ ও হাঁস চাষের সুযোগ সৃষ্টির মাধ্যমে বহুমুখী আয়ের পথ তৈরির কথাও তিনি উল্লেখ করেন।
সরকারের সাফল্যের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষকদের উৎসাহিত করতে ইতোমধ্যে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ সজাগ রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মিজ লুৎফন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর