পাহাড়ের বড় উৎসব বৈ-সা-বি উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে। ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শত শত তরুণ-তরুণী কাচালং নদীতে ফুল ভাসিয়েছে।
রোববার ভোর থেকে উলুছড়ি ও দুরছড়ি এলাকায় কাচালং নদীতে ফুল দেওয়ার পর প্রার্থনা করে ফুল বিঝু উৎসবের সূচনা করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলার আয়োজন করা হয়।
উক্ত বর্ণাঢ্য র্যালি ও ফুল ভাসানো উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দসহ বাঘাইছড়ির বিভিন্ন ক্লাব ও এলাকার আগত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিল্টু চাকমা বলেন, ‘মানুষ যেন ভালোটা মনে রাখে এবং খারাপটা ভুলে যান, সেই উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে এই উৎসব পালন করি আমরা। ফুল বিঝুর দিন যেমন নদীতে ফুল দেওয়া হয়, তেমনি ফুলে ফুলে সাজানো হয় ঘর। ওই দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ফুল বিঝু উপলক্ষে ফুল ভাসানো উৎসবে বৈসাবির শুভেচ্ছা জানিয়ে বলেন, পাহাড়ি সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ বিজু উৎসব।
তিনি বলেন, এই বিজু উৎসবে সকল পাহাড়ি সম্প্রদায়সহ বাঘাইছড়িবাসীকে জানাই শুভেচ্ছা।
এএন