কর্ণফুলীতে ইউএনওকে ছাত্রদলের স্মারকলিপি, কর্মসংস্থানের দাবি

ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:৫৬ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবস্থিত বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কর্ণফুলী উপজেলায় অসংখ্য শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠলেও এসব প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের নিয়োগের সুযোগ অত্যন্ত সীমিত। ফলে এলাকার বিপুলসংখ্যক উচ্চশিক্ষিত তরুণ বেকারত্বের বোঝা বহন করছেন, যা সামাজিক ও অর্থনৈতিকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ছাত্রদল নেতা কামরুদ্দিন সবুজ বলেন, উপজেলার শিল্প প্রতিষ্ঠানগুলোতে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এতে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, স্থানীয় যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে প্রশাসনের সমন্বয় করা জরুরি।

কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র স্মারকলিপিটি গ্রহণ করেন। তিনি ছাত্রদল নেতৃবৃন্দকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে এলাকার অর্থনীতি আরও শক্তিশালী হবে।

জেএইচআর