চুয়াডাঙ্গার দর্শনায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনস্থ একটি বিশেষ টহল দল।
সোমবার সকাল ৬টার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলমগীর খান দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।
সোমবার সকাল সোয়া ৯টার সময় বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের খবর পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভোরে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকায় অবস্থান গ্রহণ করে বিজিবির একটি বিশেষ টিম। এ সময় একজন ব্যক্তি বাংলাদেশ হতে উক্ত এলাকা অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন।
কিন্তু সে সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সর্বমোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজার মূল্য দুই কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এএন