ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০২:২০ পিএম

ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে আইনজীবী ও বিচারপ্রার্থীরা মানববন্ধন করেছেন।

সোমবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন।

জেলা আইনজীবী সমিতির অডিটর অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান মাহমুদ, অ্যাডভোকেট নুর হোসেন, অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী ও অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন মানিকসহ সিনিয়র আইনজীবীরা।

বক্তারা বলেন, ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় এজলাস সংকটের কারণে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন এবং বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তারা আরও বলেন, প্রায় ছয় বছর আগে ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত ভবন নির্মাণ শুরু করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এএন