বরিশালে একদিনে দুই শিশুর লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৫:৪৯ পিএম

বরিশালে পৃথক দুটি স্থান থেকে এক স্কুলছাত্র ও এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বানারীপাড়ায় নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ এবং দুপুরে গৌরনদীতে খালের পানি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের বাওয়ালিয়া গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে ভাসমান অবস্থায় দুর্জয় (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ পাওয়া যায়। নিহত দুর্জয় উজিরপুর উপজেলার হারতা গ্রামের শুকলালের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, গত ১২ এপ্রিল সকালে নৌকায় করে নদীতে ভাসমান হাটে তরমুজ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয় দুর্জয়। সোমবার সকাল পৌনে নয়টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে একই দিন দুপুরে গৌরনদী-ধামুরা খালের আশোকাঠী বনবিভাগ সংলগ্ন এলাকা থেকে এক নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী অষ্টম শ্রেণির ছাত্র ওয়ারিদ রহমান জয় জানায়, দুপুর দেড়টার দিকে তারা তিন বন্ধু খালে গোসল করতে নেমে নবজাতকের মরদেহটি ভাসতে দেখে। পরে তারা মরদেহটি লাঠি দিয়ে তীরের কাছে টেনে এনে স্থানীয়দের খবর দেয়।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

জেএইচআর