গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে মেহেরপুরে সাড়ম্বরে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। এবারের নববর্ষের স্লোগান নির্ধারিত হয়েছে- “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”।
মঙ্গলবার সকাল ৮টার দিকে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এতে অংশ নেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাসহ সর্বস্তরের মানুষ শোভাযাত্রায় শামিল হন।
জেলা শহরের পাশাপাশি গাংনী ও মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ কর্মসূচি পালিত হচ্ছে। সেখানেও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছে স্থানীয় বাসিন্দারা।
এদিন বৈশাখকে বরণ করতে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা বিভিন্ন সাজে ও বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে উৎসবে যোগ দেয়। কেউ কেউ গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী সাজে সেজে শোভাযাত্রায় অংশ নিয়ে বাঙালির শেকড়কে স্মরণ করিয়ে দেয়। শোভাযাত্রা পরবর্তী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে নিপুণভাবে তুলে ধরেন।
সব মিলিয়ে মেহেরপুর জেলা জুড়ে এখন নববর্ষের উৎসবের আমেজ বিরাজ করছে।