রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক পরিবহন আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর দায়ে ৯ জন চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সদরের ‘ভাই ভাই তেল পাম্পে’ এই অভিযান পরিচালিত হয়।
জ্বালানি তেল ক্রয় করতে আসা মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করতে এই আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, বেশ কিছু মোটরসাইকেল চালকের প্রয়োজনীয় কাগজপত্র নেই। আইন লঙ্ঘনের দায়ে ৯ জন চালককে ৫০০ টাকা করে মোট ৪,৫০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, আইনি ঝক্কি এড়াতে এবং বৈধ কাগজপত্র না থাকায় বেশ কয়েকজন চালক তেল না নিয়েই পাম্প ত্যাগ করেন। এছাড়া একজন চালক বারবার তেল নেওয়ার চেষ্টা করলে তাকেও শনাক্ত করে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। তিনি বলেন, “জ্বালানি তেল বিতরণের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই অভিযান চালিয়েছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সড়ক দুর্ঘটনা রোধ ও চালকদের সচেতন করতে প্রশাসনের এমন পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
জেএইচআর