কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:২০ পিএম

কারাগারে বন্দি এস এম জিয়াউল হক জিয়া নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ব্যক্তির পরিচয় অনুযায়ী তিনি এস এম জিয়াউল হক জিয়া, জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

জানা গেছে, দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গত ১৫ জানুয়ারি কারাগারে পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কারা সুপার মোহাম্মদ শফিউল আলম জানান, দুপুরের খাবার গ্রহণের পর তিনি অসুস্থতা অনুভব করেন এবং পরে ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটে। বিকেল পর্যন্ত চিকিৎসা চললেও শেষ পর্যন্ত রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এএন