মাগুরায় এক অসহায় ও ভূমিহীন পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার খানের স্ত্রী। তিনি পরিবারটির জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ প্রদানের পাশাপাশি পরিবারের এক সদস্যের চাকরির ব্যবস্থাও করে দিয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে স্থানীয়ভাবে এসব সহায়তা পৌঁছে দেন মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল খান।
সহায়তা প্রাপ্ত পরিবারটি মাগুরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজনান্দয়ালী শেখপাড়া এলাকার বাসিন্দা। মৃত শাহাজান মোল্লা ও তাঁর স্ত্রীর মৃত্যুর পর তাঁদের চার মেয়ে বর্তমানে অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করা এই পরিবারের চার বোনের মধ্যে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী। পরিবারটির এমন করুণ অবস্থার বিষয়টি এমপির স্ত্রীর নজরে এলে তিনি দ্রুত এই সহায়তার উদ্যোগ নেন।
মানবিক এই সহায়তার অংশ হিসেবে প্রতিবন্ধী মেয়েটিকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে। এছাড়া ছোট মেয়ের আসন্ন বিয়েকে সামনে রেখে তাঁকে দুটি বিয়ের শাড়ি ও নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। আগামী শুক্রবার ওই মেয়ের বিয়ের দিন ধার্য রয়েছে। পরিবারটিকে স্বাবলম্বী করতে বড় মেয়ের জন্য একটি চাকরির ব্যবস্থাও করেছেন এমপি-পত্নী।
এ বিষয়ে এমপির স্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। কেবল তাৎক্ষণিক সহায়তা নয়, পরিবারটিকে দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই চাকরির ব্যবস্থা করা হয়েছে। মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল খান বলেন, এমপি মহোদয়ের স্ত্রীর এই দ্রুত পদক্ষেপ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক কাজ।
এমপি পরিবারের এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের সহায়তা অসহায় মানুষের মনে আশার আলো জাগায় এবং সমাজের অন্যদেরও মানবিক কাজে অনুপ্রাণিত করে।
জেএইচআর