হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:৪৮ পিএম

মাগুরা জেলায় আসন্ন “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।

আলোচনায় হাম ও রুবেলা রোগ নির্মূলে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয় এবং শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, এই ক্যাম্পেইন সফল করতে হলে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন মাঠপর্যায়ে সক্রিয় থাকবে।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে, যা একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএন