মাগুরায় ৪২ বোতল এসকাফ সিরাপসহ দুই নারী আটক

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০২:২০ পিএম

মাগুরা সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪২ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য এসকাফ সিরাপসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুন্সী রাসেল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল সদর থানার পুলিশ লাইন দক্ষিণ পাড়া (কুকনা ঘোষপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোসা. ফাতেমা বেগম (৩৬) ও মিতা খাতুন (৩০) নামে দুই নারীকে আটক করা হয়। তারা উভয়েই একই এলাকার বাসিন্দা এবং তাদের পিতা মৃত হাফেজ বিশ্বাস।

ডিবি সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে গোপনে ফেনসিডিলের বিকল্প হিসেবে ‘এসকাফ’ নামে কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সমৃদ্ধ সিরাপ বিক্রি করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা নতুন কৌশল ব্যবহার করে এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাগুরাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএন