কুড়িগ্রামে বাংলা বর্ষবরণ ১৪৩৩ বঙ্গাব্দ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৬:১৯ পিএম

কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা বর্ষবরণ ১৪৩৩ বঙ্গাব্দ ও বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সংগঠন ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে নানা কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় “আই লাভ কুড়িগ্রাম” চত্বর থেকে সম্মিলিত বৈশাখী শোভাযাত্রা বের হয়।

এতে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও পুলিশ সুপার ফজলে রাব্বির নেতৃত্বে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে সকাল ৮টায় পহেলা বৈশাখ উপলক্ষে কুড়িগ্রাম জেলা জজ আদালতে বিচারকদের পরিবারের সদস্যদের নিয়ে পান্তা-ইলিশ খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা দায়রা জজ) রিপতি কুমার বিশ্বাসসহ সকল বিচারক ও তাঁদের পরিবারবর্গ।

শোভাযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ হাতে রঙিন ব্যানার, ফেস্টুন ও মুখোশ নিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানান।

শোভাযাত্রা শেষে “আই লাভ কুড়িগ্রাম” চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা লোকসংগীত, নৃত্য, কৌতুক ও আবৃত্তি পরিবেশন করেন।

এছাড়াও বিভিন্ন সংগঠন শিশু-কিশোরদের রচনা, চিত্রাঙ্কন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করে।

এএন