চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহের সময় এক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে জেলা পুলিশ।
শুক্রবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ এপ্রিল সকালে আলমডাঙ্গা থানায় কর্মরত এক পুলিশ সদস্য ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে তেল নিতে একটি ফিলিং স্টেশনে যান। এ সময় দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই পুলিশ সদস্যকে ৫০০ টাকা জরিমানা করেন।
জেলা পুলিশ উল্লেখ করেছে, গত ২৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়েছিল যে- আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সাংবাদিকসহ জরুরি সেবায় নিয়োজিতরা বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে পারবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে তেল সংগ্রহ করে আসছিলেন। ওই পুলিশ সদস্যও জরুরি প্রয়োজনে বিকল্প লাইনেই তেল সংগ্রহ করতে গিয়েছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ সর্বদা জনসেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত। বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে পুলিশ জেলা প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে জরুরি পরিষেবার অংশ হিসেবে দায়িত্ব পালনরত একজন সদস্যের বিরুদ্ধে এমন পদক্ষেপ পুলিশের মনোবলে বিরূপ প্রভাব ফেলতে পারে।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের মধ্যে যথাযথ সমন্বয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিবৃতির মাধ্যমে প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ শাখার মধ্যে বিদ্যমান টানাপোড়েন নিরসনের তাগিদ দেওয়া হয়েছে।
জেএইচআর