এমপি শ্যামল

বিগত ১৫ বছরে ব্রাহ্মণবাড়িয়া ছিল লুটপাটের পৌরসভা

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহর অপরিকল্পিত নগরায়ণের শিকার হয়েছে উল্লেখ করে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, শহরের ভবনগুলোতে বিল্ডিং কোড মানা হয়নি, অনেক ভবন সরকারি জায়গা দখল করে গড়া হয়েছে। এমন অবস্থায় অগ্নিকাণ্ড ঘটলে ভয়াবহ পরিণতি হবে।

শুক্রবার বিকেলে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া এক্স-স্কাউট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনায় করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরসভার কঠোর সমালোচনা করে ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, বিগত ১৫ বছর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় কার্যকর কোনো মেয়র ছিলেন না; এটি মূলত লুটপাটের পৌরসভা ছিল। ফলে যার যার মতো করে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা হয়েছে। 

তিনি ফায়ার সার্ভিসের সহযোগিতায় এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং যুবসমাজকে রক্ষায় মাদকবিরোধী কর্মশালা করারও আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, শহরের রাস্তাগুলো অত্যন্ত সরু এবং পানির উৎস হিসেবে থাকা পুকুরগুলো ভরাট হয়ে গেছে। আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো বা পানি পাওয়া দুষ্কর হয়ে পড়বে।

তবে তিনি আশার কথা জানিয়ে বলেন, সংসদ সদস্যের নির্দেশে জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভার যৌথ উদ্যোগে শহরের রাস্তাগুলো প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি এ বি এম মোমিনুল হক এবং এক্স-স্কাউটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এক্স-স্কাউট সদস্য শাকিব আহমেদ ও স্মৃতি সবুর।

জেএইচআর