কর্ণফুলীতে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ ও নদীতে অবমুক্ত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:০৩ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত এসব রেণু কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে।

কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে টেকনাফ থেকে খুলনাগামী দুটি সন্দেহভাজন ট্রাক তল্লাশি করে প্রায় ১ কোটি ২০ লাখ পিস চিংড়ি রেণু উদ্ধার করা হয়। বাজারমূল্য অনুযায়ী জব্দকৃত এসব রেণুর দাম প্রায় ৬ কোটি টাকা।

অভিযান শেষে আটককৃত ট্রাকের চালক ও সহকারীদের কাছ থেকে ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি নিয়ে মুচলেকা রাখা হয় এবং ট্রাকসহ তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলিমের উপস্থিতিতে উদ্ধারকৃত চিংড়ি রেণুগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জেএইচআর