নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০১:৪১ পিএম

খুলনায় দায়িত্ব পালনকালে নিজের ইস্যু করা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস (২৭) নামে এক রেলওয়ে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

শনিবার ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তের পর পুলিশ ধারণা করছে, এটি একটি আত্মহত্যার ঘটনা।

নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা এবং শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি খুলনা রেলওয়ে জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান গণমাধ্যমকে জানান, শনিবার ভোরে সম্রাট বিশ্বাস কার্যালয়ের অস্ত্রাগারে (ম্যাগাজিন গার্ড) পাহারার দায়িত্বে ছিলেন। ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময়ে তিনি নিজের চাইনিজ রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ব্যবহৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে। ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে সম্রাট বিশ্বাস এই চরম পথ বেছে নিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাঁর সহকর্মী ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর