ভোলার সদর উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় মায়ের প্রাণ বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে নিহতের ১০ বছর বয়সী শিশু সন্তান।
শনিবার রাতে সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শরীফ সরদার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম (৩০) ওই এলাকার প্রবাসী আল আমিনের স্ত্রী। আহত শিশু আবিদ বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত আল আমিনের ঘরে প্রবেশ করে নাসিমাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় আবিদ বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। আহত আবিদ জানায়, এই হত্যাকাণ্ডে সে মৃত জামাল মেম্বারের ছেলে মোহাম্মদ জাহিদকে সরাসরি সম্পৃক্ত থাকতে দেখেছে। তার ভাষ্যমতে, জাহিদ তাকেও হত্যার চেষ্টা চালিয়েছিল।
শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ভোলা সদর মডেল থানায় নিয়ে গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আহত শিশুর জবানবন্দীর ভিত্তিতে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।"
নৃশংস এই হত্যাকাণ্ডে নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর