পঞ্চগড়ে নদ-নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত

মো. মাহমুদুল হাসান, পঞ্চগড় প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:৪৯ পিএম

পঞ্চগড়ের ৫০ নদ-নদীর উপর গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশের লক্ষ্যে লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নজরুল পাঠাগারের ভাষা ও বিতর্ক ক্লাবের সেমিনার কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রাণ, প্রকৃতি, পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর এই গবেষণা এবং প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। পঞ্চগড় জেলা প্রশাসন এবং জেলা পরিষদ এই গ্রন্থ প্রকাশে সহযোগিতা করছে।

কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নদী ও ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী। এসময় পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, জেলা শিশু কর্মকর্তা আকতারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের, লেখক ও গবেষক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার।

আয়োজক কর্তৃপক্ষ জানান, এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নদী যেন থাকে বহমান। পঞ্চগড়ের নদ-নদীগুলোকে সরেজমিনে চিহ্নিত করা এবং নদ-নদীগুলোর ইতিহাস, ঐতিহ্য, মিথ, কৃষিসহ অর্থনৈতিক অবদান, নদ-নদীর প্রভাবে সভ্যতার ক্রমবর্ধমান বিবর্তন, পরিবর্তনের চিত্র, প্রেক্ষাপট এবং কারণ খুঁজে বের করা। নদ-নদীগুলোকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় তার একটি রূপরেখা এবং প্রস্তাবনা আবিষ্কার করা। জেলার লেখক-গবেষকদের অংশগ্রহণে এই কর্মসূচি বাস্তবায়নের ফলে নদ-নদী সম্পর্কে অনেক মানুষ সংযুক্ত থাকবে। তাদের ভয়েস ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

কর্মশালায় কবি, লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এএন