রংপুরের মিঠাপুকুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের ছোট হযরতপুর মাঝিপাড়া গ্রামের অলিন রায়ের ছেলে মিলন রায় (৩০) এবং রামেশ্বরপাড়া গ্রামের আনছের আলীর ছেলে আবু তালেব (৫৫)।
জানা যায়, তারা অন্য জেলেদের সঙ্গে শনিবার সকালে পাশের ছোট শালমারা বিলে মাছ ধরতে যান। মাছ ধরার সময় দুপুরে হঠাৎ ওই এলাকায় পরপর কয়েকটি বজ্রপাত হয়। এতে ১০ জন আহত হন। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিলন রায় ও আবু তালেব মারা যান।
আহতদের মধ্যে গোল্ডেন মিয়া, তাঁর স্ত্রী লিমা বেগম, মর্জিনা বেগম, জগদীশ রায়, সুবল, নিখিল, শামছুলসহ ১০ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গোল্ডেন ও লিমা বেগম বিলের ধারে মাছ ধরা দেখছিলেন।
প্রত্যক্ষদর্শী উজ্জ্বল মিয়া ও রাজু আহমেদ বলেন, “আমরা বিলের ধারে মাছ ধরা দেখছিলাম। আকাশ ভালোই ছিল। হঠাৎ প্রচণ্ড বাতাস ও বজ্রপাত শুরু হয়। সেখানেই দুইজন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএন