বরিশালে ব্যাটারি রিকশা চালকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:০৩ পিএম

‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, অধিকার নিশ্চিত করো’ এই শ্লোগান নিয়ে আবারও বরিশাল নগরীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল শাখার নেতৃবৃন্দ।

রোববার বেলা ১১টার দিকে ৯ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনার আওতায় অভিন্ন নীতিমালা অনুযায়ী ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স, রুট পারমিট ও চালকদের প্রশিক্ষণ দিতে হবে। দুর্ঘটনা প্রতিরোধে সকল গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে স্বল্পগতির যানবাহনের জন্য সাইড লেন চালু করতে হবে।

চালকদের ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়াসহ ৯ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা প্রশাসনের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিক সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

এম জি