ফেনসিডিলসহ সাজেদুল ইসলাম শোয়েব নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা রংপুর নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন।
শনিবার রাতে নগরীর মাহিগঞ্জ খাসবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সাজেদুল ইসলাম শোয়েব খাসবাগ এলাকার মৃত আমানত উল্লাহ ভূঁইয়ার ছেলে এবং মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল খাসবাগ এলাকায় অভিযান চালিয়ে সাজেদুল ওরফে শোয়েবকে গ্রেপ্তার করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনার পর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজেদুল ইসলাম শোয়েবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
অপরদিকে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা রোববার ভোরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আতিকুর রহমান নয়নের বাড়ি থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, আতিকুর রহমান নয়ন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে থাকে।
তাকে গ্রেপ্তারের জন্য র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা চেষ্টা চালিয়ে আসছিল। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে নয়নের বাড়িতে অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এএন