শিশুদের প্রাণঘাতী রোগ হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্যে মাদারীপুরে জেলা পর্যায়ে জরুরি টিকাদান কর্মসূচি-২০২৬ এর প্রস্তুতিমূলক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
প্রেস কনফারেন্সে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে সরকার দেশব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। নির্দিষ্ট বয়সসীমার একজন শিশুও যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। বক্তারা জোর দিয়ে বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক হলেও টিকার মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য।
অনুষ্ঠানে সিভিল সার্জনের প্রতিনিধি মো. খলিলুজ্জামান এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার কানিজ ফারহানা উপস্থিত থেকে কর্মসূচির কারিগরি ও সচেতনতামূলক দিকগুলো তুলে ধরেন। তারা বলেন—
"এই টিকাদান কর্মসূচি সফল করতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার শিশুদের কাছে টিকা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের কার্যকর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
এবারের কর্মসূচি “সকল শিশুর জন্য”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সরকারের এই মহতী উদ্যোগে কারিগরি ও মাঠপর্যায়ে সহযোগিতা প্রদান করছে ইউনিসেফ (UNICEF), গ্যাভি (Gavi, The Vaccine Alliance) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেলার সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা তাদের শিশুদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসেন। টিকাদান কেন্দ্রের অবস্থান এবং সময়সূচি স্থানীয়ভাবে মাইকিং ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানানো হয়।
প্রেস কনফারেন্সে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এএন