ঝালকাঠি জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই ব্রিফিংয়ে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে জেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হবে। জেলার সব উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে।
জেলা সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির জানান, এবারের ক্যাম্পেইনে ঝালকাঠি জেলায় মোট ৭৮ হাজার ৮৬ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৬০ মাস বয়সী সব শিশুকে এ টিকা দেওয়া হবে।
তিনি বলেন, হাম-রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলায় হাম-রুবেলা প্রতিরোধে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে।
এএন