খোকসায় প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন

শেখ মিলন, খোকসা (কুষ্টিয়া) প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:১৬ পিএম

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠন বিজ্ঞান ও প্রযুক্তি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আরিফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক অফিসার মিলন হোসেন খান।

এছাড়াও খোকসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করে, যা দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।

এএন