‘কৃষি বাঁচুক, কৃষক বাঁচুক’ স্লোগানকে সামনে রেখে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে বোরো চাষিদের জ্বালানি চাহিদা মেটাতে ‘নিতপুর ইউপি ফিলিং পয়েন্ট’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার কপালির মোড় এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ডিজেল বিতরণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম।
পোরশা উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে নিতপুর ইউনিয়নে বোরো চাষের পরিমাণ সবচেয়ে বেশি। তবে এই ইউনিয়নে বিদ্যুৎচালিত সেচ ব্যবস্থা পর্যাপ্ত না হওয়ায় কৃষকদের সম্পূর্ণভাবে ডিজেলচালিত সেচযন্ত্রের ওপর নির্ভর করতে হয়। প্রয়োজনীয় ডিজেল সংগ্রহের জন্য কৃষকদের ১০ থেকে ১৬ কিলোমিটার দূরে সরাইগাছি বা শিশা বাজারে যেতে হতো। দীর্ঘ পথ পাড়ি দিয়েও লাইনে দাঁড়িয়ে অনেক সময় খালি হাতে ফিরতে হতো বলে কৃষকরা অভিযোগ করে আসছিলেন।
কৃষকদের এই ভোগান্তি লাঘবে উপজেলা নির্বাহী অফিসার নওগাঁ জেলা প্রশাসকের সাথে আলোচনা করেন। বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসকের উদ্ভাবিত ‘ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপসের’ মাধ্যমে স্থানীয়ভাবে ডিজেল সরবরাহের এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রকৃত বোরো চাষি শনাক্তকরণের লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রশিদকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক বিক্রয় কার্যক্রম সঠিকভাবে তদারকি করার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ্ নেয়ামতুল্লাহ ও মো. ইব্রাহিম আলীকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই ফিলিং পয়েন্টটি চালুর ফলে এখন থেকে স্থানীয় কৃষকরা সহজেই তাদের দোরগোড়ায় জ্বালানি তেল পাবেন, যা বোরো মৌসুমে সেচ কাজকে আরও গতিশীল ও নিরবচ্ছিন্ন করবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় কৃষকরা প্রশাসনের এই তড়িৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
জেএইচআর