দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঝালকাঠির নলছিটি উপজেলা। দীর্ঘদিন ধরে স্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় প্রশাসনিক কাজে ধীরগতি দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় জনগণ বিভিন্ন সরকারি সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।
উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত নলছিটির ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন মো. নজরুল ইসলাম। পরবর্তী সময়ে সেপ্টেম্বরের ৯ তারিখ লাভলী ইয়াসমিনকে দায়িত্ব দেওয়া হয়। এর দুই মাসের মধ্যেই ২৬ নভেম্বর জোবায়ের হাবিব নলছিটির নতুন ইউএনও হিসেবে নিয়োগ পান। নিয়োগের পর ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি প্রশিক্ষণে চলে যান। এরপর থেকেই ইউএনও পদটি শূন্য থাকায় বর্তমানে সদর উপজেলার ইউএনও সেগুফতা মেহনাজকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলার পাশাপাশি নলছিটি পৌরসভার প্রশাসকের দায়িত্বও তাকে দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে দুই উপজেলার ও নলছিটি পৌরসভার দায়িত্ব পালন করায় সব কাজ সময়মতো সম্পন্ন হচ্ছে না বলে দাবি স্থানীয়দের।
নলছিটি পৌরসভার বাসিন্দা কাওসার সিকদার, মামুন হোসেন, রাকিব হোসেন ও বাপ্পি হাওলাদার বলেন, আমাদের উপজেলায় দীর্ঘদিন ধরে স্থায়ী ইউএনও দেওয়া হচ্ছে না। নতুন ইউএনও আসলেও দুএক মাসের মধ্যে বদলি হয়ে চলে যান। বর্তমানে একজন কর্মকর্তাকে সদর উপজেলা, নলছিটি উপজেলা ও পৌরসভার দায়িত্ব একসঙ্গে পালন করতে হচ্ছে। এতে নিয়মিত প্রশাসনিক সেবা না পাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা দ্রুত স্থায়ী ইউএনও ও প্রশাসক নিয়োগের দাবি জানান।
এ বিষয়ে জেলা প্রশাসক মমিন উদ্দিন বলেন, প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সাময়িকভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শূন্য পদে দ্রুত স্থায়ী ইউএনও পদায়নের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
এএন