সরিষাবাড়ীতে ভারী বর্ষণে সড়ক ভেঙে যাতায়াতে চরম দুর্ভোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৪:২৫ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক এখন এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম। উপজেলার বীর বরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কটি ভারী বর্ষণে ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বীর বরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলজিইডির আওতাধীন পাকা রাস্তাটির একটি বড় অংশ ধসে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং অসংখ্য যানবাহন চলাচল করে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি ধসে যাওয়ায় এখন রিকশা, ভ্যান বা অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। বিশেষ করে বিদ্যালয়ের পাশেই এই ভাঙন থাকায় কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম ঝুঁকি নিতে হচ্ছে। অভিভাবকরা সবসময় আতঙ্কে থাকছেন বড় কোনো দুর্ঘটনার।

“রাস্তাটা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দিনের বেলা কোনোভাবে চলা গেলেও রাতে এখানে চলাচল একেবারেই অসম্ভব। এলজিইডি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

জনস্বার্থে এবং দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত মেরামতের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইতোমধ্যে উপজেলা প্রকৌশল বিভাগকে (এলজিইডি) বিষয়টি অবহিত করা হয়েছে। তারা আশা করছেন দ্রুতই এর সমাধান হবে।

উপজেলা এলজিইডি কর্মকর্তা গোলাম কিবরিয়া তমাল বলেন, “আমরা রাস্তার ভাঙনের বিষয়টি অবগত হয়েছি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।”

এএন