দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তালিকাভুক্ত আবেদনকারীদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতকৃত এসব কার্ড সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খট্টামাধবপাড়া, বোয়ালদাড় ও আলীহাট ইউনিয়নের আবেদনকারীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয় থেকে তাদের কার্ড সংগ্রহ করতে পারছেন। অন্যদিকে, হাকিমপুর পৌরসভার বাসিন্দারা আগামীকাল থেকে পৌরসভা কার্যালয় থেকে তাদের ফুয়েল কার্ড গ্রহণ করতে পারবেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিলি ফিলিং স্টেশন থেকে এখন থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার পেট্রোল বা অকটেন সরবরাহ করা হবে না। কার্ড সংগ্রহের সময় আবেদনপত্রের একটি কপি সঙ্গে আনলে বিতরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। যারা এখনও আবেদন করেননি, তারা অফিস চলাকালীন সময়ে আবেদন করতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিশৃঙ্খলা রোধ করতেই এই বিশেষ কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রকৃত ব্যবহারকারীরা সহজেই জ্বালানি সংগ্রহ করতে পারবেন।
জেএইচআর