কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে অসহায় মানুষের মাঝে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।
বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার যাত্রাপুর সীমান্তবর্তী এলাকায় এই মানবিক মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় আয়োজিত এই ক্যাম্পে যাত্রাপুর চরের প্রায় ৫০০ জন গরিব ও দুস্থ নারী, পুরুষ ও শিশুকে সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে রোগীদের রক্তচাপ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয়, সাধারণ রোগের চিকিৎসা এবং ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার পরীক্ষাসহ প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত সীমান্ত অঞ্চলের মানুষের মাঝে এই কার্যক্রম নতুন আশার সঞ্চার করেছে। চিকিৎসা সেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বিজিবির এই মহৎ উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজিবির এই মানবিক প্রয়াস সীমান্তবর্তী অঞ্চলে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত রক্ষায় নয়, জনসেবায়ও সর্বদা নিবেদিত। জনগণের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠতে বিজিবি বদ্ধপরিকর। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।
কর্মসূচি চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেএইচআর