পটিয়ায় দুই নৈশকোচের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২৫

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৩:২৮ পিএম

চট্টগ্রামের পটিয়ায় দুই নৈশকোচের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া ইন্দ্রপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে কক্সবাজারগামী হিমেল পরিবহনের একটি নৈশকোচ ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী এভারগ্রীন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে নোয়াখালী জেলার সাগর, আবদুল হক, দীপু, অনিক ও আরমানসহ ২১ জনের পরিচয় পাওয়া গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, নোয়াখালী থেকে আসা বাসটির চালক এই সড়কে নতুন ছিলেন। ধারণা করা হচ্ছে, সড়ক সম্পর্কে সঠিক ধারণা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করেছে।

জেএইচআর