চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৌমাছির কামড়ে আনিসুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনিসুর রহমান দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়ার আবু তাহেরের ছেলে। তিনি পেশায় ঝিনাইদহ জেলার খালিশপুর এলাকার একটি কোল্ডস্টোরের নৈশ প্রহরী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে ভোরে পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান। পথিমধ্যে জয়রামপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানের সামনে একটি মৌমাছির চাক ভেঙে পড়ে।
এসময় অসংখ্য মৌমাছি তাকে কামড় দেয় এবং একটি মৌমাছি তার কানের ভেতরে ঢুকে পড়ে। তীব্র যন্ত্রণা থেকে বাঁচতে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরবর্তীতে বাড়িতে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিসুরের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। তবে সদর হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, স্বজনরা তাকে মৌমাছি বা ভিমরুলের কামড়ে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
নিহত আনিসুর রহমান তিন সন্তানের জনক ছিলেন। তার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুলতান মাহমুদ জানান, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
জেএইচআর