সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত ঐক্য বজায় রেখে গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক। পরে পবিত্র গীতা পাঠ করেন নারায়ণ রবিদাস।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ এবং চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তালহা জুবায়ের।
এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাসুম বিল্লাহ, ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসাইন এবং উপজেলা স্কাউট কমিশনার ও ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার ডলি।
পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এ কে এম হুমায়ুন কবির, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম মাসুদ, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হায়দার টিপু এবং উপজেলা মৎস্যজীবী সংগ্রাম পরিষদের প্রতিনিধি অবিনাশ চন্দ্র বর্মন।
এ সময় আরও বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুন্নবী নোমান।
বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। ফরিদগঞ্জ প্রেসক্লাব তার গৌরবময় ঐতিহ্য ধরে রেখে এলাকার উন্নয়ন, জনমানুষের অধিকার ও সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ঐক্য সুসংহত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিদের সম্মানে আয়োজিত প্রীতি মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এম জি