গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসাহ-উদ্দীপনা এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে পশু চিকিৎসার আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য ছিল- ‘ভেটেরিনারিয়ানরা: খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’, যা প্রাণিস্বাস্থ্য ও জনস্বার্থ রক্ষায় এই পেশার অপরিহার্য অবদানকে নতুনভাবে সামনে নিয়ে আসে।
শনিবার সকাল ১০টায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল (ভিটিএইচ) চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে সমাজের প্রতি ভেটেরিনারিয়ানদের দায়িত্ব ও ত্যাগের কথা তুলে ধরেন।
পরবর্তীতে ভিটিএইচ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৈমুর ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে ভেটেরিনারি চিকিৎসা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এবং ভিটিএইচ-এর পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদার।
দিবসটির অন্যতম বিশেষ আকর্ষণ ছিল বিনামূল্যে পশু চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় গাজীপুরের স্থানীয় খামারিদের ৪৩টি গরু, ৫৪টি ছাগল-ভেড়া এবং ১৬২টি হাঁস-মুরগিসহ বিপুল সংখ্যক কবুতর, বিড়াল ও কুকুরকে চিকিৎসাসেবা দেওয়া হয়। অনুষদের অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি এই সেবা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রাণিখাদ্যের স্টল এবং পরিবেশবান্ধব পশু চিকিৎসা বিষয়ক পোস্টার প্রদর্শনী পরিদর্শন করেন। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী এপ্রিল মাসের শেষ শনিবারে এই দিবসটি পালিত হয়ে আসছে, যার ধারাবাহিকতায় গাকৃবিতে এ বছরও জাঁকজমকপূর্ণভাবে দিনটি পালন করা হলো।
এএন