৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৩:৪৪ পিএম

৩৪ হাজার টন জেট ফুয়েল (বিমানের জ্বালানি) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ট্যাংকার শিং তং ৭৯৯। 

শনিবার বিকেলে জাহাজটি সেখানে নোঙর করে।

১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ এই জাহাজটির ড্রাফট বেশি হওয়ায় সরাসরি বন্দরের জেটিতে ভিড়তে পারেনি। ফলে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে কিছু জ্বালানি খালাস করা হচ্ছে। এতে জাহাজটির ড্রাফট কমে এলে পরবর্তীতে সেটিকে বন্দরের জেটিতে আনা হবে।

এর আগে, গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে এমটি গ্রেট প্রিন্সেস নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল।

অন্যদিকে, জ্বালানি তেল আমদানির ধারাবাহিকতায় শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল বন্দরে ভিড়েছে। এর আগের দিন শুক্রবার তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বহির্নোঙরে আসে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার এমটি কোয়েটা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরে ধারাবাহিকভাবে জ্বালানি তেলবাহী জাহাজ আগমনের ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা হবে।

এম জি