বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, অতঃপর...

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:২৯ পিএম

পাইকগাছায় ঘন ঘন লোডশেডিং ও তীব্র গরমে জনজীবন যখন চরম বিপর্যস্ত, ঠিক সেই ক্ষোভের মাঝেই বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ ওই যুবককে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে দেবজতী চক্রবর্তী নামের এক যুবক মোবাইল ফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিসের কর্মকর্তাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ সময় তিনি এলাকায় চলমান তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবজতীর এ হুমকির পরপরই বিষয়টি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে থানায় জানানো হয়। পরে শনিবার রাত ৯টার দিকে পৌরসভার বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রচণ্ড গরমে বিদ্যুৎ সরবরাহ বারবার বন্ধ হয়ে যাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসএসসি পরীক্ষার্থীরাও এ পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছে।

এ বিষয়ে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিসের ডিজিএম অঞ্জন কুমার সরকার জানান, এলাকায় প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ থাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। নির্ধারিত সরবরাহের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি জানান।

পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “হুমকিদাতাকে আটক করা হয়েছিল। পরে তিনি নিজের ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করেন। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

এএন