সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার ঘটনায় গ্রেপ্তার হওয়া এক কলেজ ছাত্রের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং প্রতিমন্ত্রী। তিনি অভিযুক্তকে ক্ষমা করে আইনি সহায়তার মাধ্যমে জামিনের উদ্যোগ নেন।
জানা গেছে, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে নিশাদ ইসলাম (২০)। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিএনপির এক কর্মী সাইবার নিরাপত্তা আইনে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
পরবর্তীতে বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে অভিযুক্তের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং তাকে ক্ষমা করে দেন। নিশাদ একজন কলেজ শিক্ষার্থী হওয়ায় তার বয়স ও ভবিষ্যতের কথা বিবেচনায় এনে প্রতিমন্ত্রী মনে করেন, সে হয়তো না বুঝে বা কারও প্ররোচনায় এমন পোস্ট করেছে। এ সময় তিনি অভিযুক্তের বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, “ছেলেটি আমার সন্তানের বয়সী। ভুল হতেই পারে, তাই তাকে ক্ষমা করে দিয়েছি।”
রোববার সকালে অভিযুক্তের বাবা আশরাফ আলী সংবাদমাধ্যমকে বলেন, মামলার পর প্রতিমন্ত্রী নিজ উদ্যোগে আইনজীবীর সঙ্গে কথা বলেছেন এবং জামিনের বিষয়ে সহায়তা দিয়েছেন। আইনজীবীও তার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আদালত থেকে দ্রুত জামিন মিলবে।
এএন