গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ ও দিঘির পাড় এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাঁটুসমান জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার বিকেল পাঁচটার দিকে সরেজমিনে দেখা যায়, অল্প সময়ের বৃষ্টিতেই এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। বিশেষ করে পল্লী বিদ্যুৎ এলাকা থেকে দিঘির পাড় পর্যন্ত সড়কে পানি জমে হাঁটুসমান হয়ে পড়ে, ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেককে জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানি মাড়িয়ে চলাচল করতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা এবং অপরিকল্পিত সড়ক নির্মাণের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে ডুবে যায়।
এ এলাকায় ৫ থেকে ৭টি শিল্পকারখানার হাজার হাজার শ্রমিক বসবাস করেন। জলাবদ্ধতার কারণে তাদের কর্মস্থলে যাতায়াতও কঠিন হয়ে পড়ে, ফলে উৎপাদন কার্যক্রমেও প্রভাব পড়ছে বলে জানান শ্রমিকরা।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “প্রতিবার বৃষ্টি হলেই এই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। পরিবার নিয়ে চলাচল করা খুবই কষ্টকর।”
শামসুন্নাহার বেগম জানান, পানি জমে ঘরের ভেতরেও ঢুকে পড়ে, ছোট শিশুদের নিয়ে তারা বিপাকে পড়েন।
শ্রমিক মো. সোহেল রানা বলেন, বৃষ্টির সময় পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে হয়, ফলে সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়ে। অপর শ্রমিক নাজমা আক্তার জানান, ভিজে গিয়ে অসুস্থ হয়ে পড়লেও বেতন কাটার ভয়ে কাজে যেতে বাধ্য হন।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বর্ষায় একই দুর্ভোগ হলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায় না। তারা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত নালা-নর্দমা পরিষ্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এলাকায় পাঠিয়ে সমস্যা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।
এম জি