ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আশ্রাব আলী নামের এক কৃষককে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়া। আদালত তাঁদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।
অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুন। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে ফুলপুর উপজেলার একটি এলাকায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে কৃষক আশ্রাব আলীর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। প্রতিপক্ষের নৃশংস হামলায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরদিন নিহতের ছেলে জুলহাস বাদী হয়ে ফুলপুর থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সকল আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁদের কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।
জেএইচআর